দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে দুই মোটরসাইকেল ও ইট বহনকারী একটি ট্রাকের মুখোমুখি ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (১৫) সদর উপজেলার সিঙাটি গ্রামের তোহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন, মোমিনপুর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী রঞ্জিতের ছেলে ইন্দ্রজিৎ (৩৫), গহরপুর গ্রামের সাজু (৪০) এবং সিঙাটি গ্রামের কামাল হোসেনের ছেলে হোসাইন আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারাদী থেকে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে করে আরাফাত ও তার এক সহযাত্রী দ্রুতগতিতে চাঁদপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ইন্দ্রজিৎ ও সাজু বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসছিলেন। চাঁদপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি ইটবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
সংঘর্ষে আরাফাত ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত হোসাইন আহমেদকে পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত হোসাইন আহমেদের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
জে আই